পুণ্যভূমি মদিনা মুনাওয়ারার উত্তর-পশ্চিমে, মসজিদে নববী থেকে প্রায় চার কিলোমিটার দূরে কালের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক ইবাদতগাহ—মসজিদে কিবলাতাইন। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মুসলিম উম্মাহর হৃদয়ে এই স্থানটি এক গভীর আবেগের নাম। ‘কিবলাতাইন’ শব্দের অর্থ ‘দুই কিবলা’। ইসলামের ইতিহাসে এটি এক অনন্য স্থান, যেখানে সালাতরত অবস্থায় মুসলমানদের কিবলা বায়তুল মুকাদ্দাস থেকে পরিবর্তিত হয়ে পবিত্র কাবা শরিফের দিকে নির্ধারিত হয়।

ওহির নির্দেশে বদলে গেল কিবলা

হিজরতের দ্বিতীয় বছরে বনু সালামাহ গোত্রের এলাকায় সাহাবায়ে কেরাম বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ছিলেন। কিন্তু তার আগেই আল্লাহ তাআলার পক্ষ থেকে কিবলা পরিবর্তনের ঐতিহাসিক নির্দেশ নাজিল হয়েছিল—

“আমি অবশ্যই তোমাকে এমন কিবলার দিকে ফিরিয়ে দেব, যা তুমি পছন্দ করো। অতএব তুমি তোমার মুখ মসজিদুল হারামের দিকে ফিরিয়ে নাও।”

—সূরা আল-বাকারা: ১৪৪

কিন্তু এই মসজিদে নামাজরত সাহাবায়ে কেরাম তা জানতেন না। তাই তাঁরা যথারীতি বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ছিলেন। তখন অন্য একজন সাহাবি তাদেরকে এই বিধানের কথা বলেন। তা শুনামাত্রই  সাহাবায়ে কেরাম সালাতের মধ্যেই পবিত্র কাবা শরিফের দিকে মুখ ফিরিয়ে নেন। 

মুসলিম শরিফে ঘটনাটি এভাবে বর্নিত হয়েছে,

রাসুলুল্লাহ ﷺ বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করতেন। এরপর কিবলা পরিবর্তনের আয়াত নাজিল হয়। বনু সালামাহর এক ব্যক্তি এমন কিছু লোকের পাশ দিয়ে গেলেন, যারা ফজরের সালাতে রুকুতে ছিলেন এবং এক রাকাত আদায় করেছিলেন। তিনি বললেন, “জেনে রাখো, কিবলা পরিবর্তন করা হয়েছে।” তখন তাঁরা সালাতরত অবস্থাতেই নতুন কিবলার দিকে ঘুরে গেলেন। (সহিহ মুসলিম, হাদিস ৫২৭।)

নামাজের মধ্যেই কিবলা পরিবর্তনের এই ঐতিহাসিক ঘটনার স্মৃতির সঙ্গে মসজিদটির ‘মসজিদে কিবলাতাইন’ নামটি বিশেষভাবে যুক্ত হয়ে যায়।

ইসলামী ঐক্যের অনন্য প্রতীক

কিবলা পরিবর্তন কেবল একটি দিক পরিবর্তনের ঘটনা ছিল না; বরং এটি ছিল মুসলিম উম্মাহর স্বতন্ত্র পরিচয় ও ঐক্যের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। পৃথিবীর যে প্রান্তেই একজন মুসলিম অবস্থান করুন না কেন, সালাতের সময় তাঁর মুখ একই কেন্দ্রের দিকে—পবিত্র কাবা শরিফের দিকে। ভৌগোলিক দূরত্ব, ভাষা ও বর্ণের বৈচিত্র্য পেরিয়ে একই কিবলার দিকে মুখ ফেরানো মুসলিম ঐক্যের এক অনন্য প্রতীক।

এক নজরে মসজিদে কিবলাতাইন

পূর্বপরিচিত নাম: মসজিদটি ঐতিহাসিকভাবে ‘মসজিদে বনু সালামাহ’ নামে পরিচিত ছিল।

অবস্থান: মদিনার খালিদ ইবনে আল-ওয়ালিদ সড়কের কাছে এটি অবস্থিত।

স্থাপত্য ও সংস্কার: সময়ের সঙ্গে বিভিন্ন পর্যায়ে সংস্কারের পর ১৯৮৭ সালে বাদশাহ ফাহাদ বিন আবদুল আজিজের আমলে এর বড় ধরনের পুনর্নির্মাণ করা হয়। আধুনিক স্থাপত্যশৈলীর সাদা রঙের মসজিদটির গম্বুজ ও মিনার দূর থেকেই জিয়ারতকারীদের দৃষ্টি আকর্ষণ করে।

বর্তমান পরিবেশ: বর্তমানে দেশ-বিদেশের অসংখ্য মুসল্লি ও জিয়ারতকারী এখানে আসেন। ইবাদত, কুরআন তিলাওয়াত ও দোয়ার পরিবেশের মধ্য দিয়ে মসজিদটি যেন ইতিহাস ও বর্তমানের মাঝে এক সেতুবন্ধন তৈরি করে।

ঈমান ও আনুগত্যের অমর পাঠশালা

মসজিদে কিবলাতাইনে দাঁড়িয়ে একজন জিয়ারতকারী যখন অতীতের কথা ভাবেন, তখন তাঁর কল্পনায় ভেসে উঠতে পারে প্রায় চৌদ্দশ বছর আগের সেই দৃশ্য—সালাতের কাতারে দাঁড়িয়ে আছেন সাহাবায়ে কেরাম, আর আল্লাহর নির্দেশ আসামাত্রই বদলে যাচ্ছে তাঁদের কিবলা।

এই ঘটনাই আমাদের শেখায় নিঃশর্ত আনুগত্যের শিক্ষা। আল্লাহর নির্দেশের সামনে রাসুলুল্লাহ ﷺ ও সাহাবায়ে কেরামের যে আত্মসমর্পণ, তা প্রতিটি মুমিনের জন্য চিরন্তন আদর্শ।

তাই মসজিদে কিবলাতাইন কেবল একটি ঐতিহাসিক স্থাপনা নয়; এটি ঈমান, আনুগত্য ও মুসলিম ঐক্যের এক জীবন্ত স্মৃতিচিহ্ন। এখানে জিয়ারত মানে শুধু একটি স্থান দেখা নয়—বরং ইতিহাসের একটি মহান মুহূর্তকে হৃদয়ে অনুভব করা এবং সেই মুহূর্তের শিক্ষা নিজের জীবনে ধারণ করার এক অনন্য আত্মিক অভিজ্ঞতা।