উহুদের বুকে আজও অমলিন সাহাবিদের শাহাদাতের স্মৃতি
বিশেষ প্রতিবেদন লেখক: হাফেজ মুহাম্মাদ হুযাইফা
মদিনা মুনাওয়ারার উত্তর প্রান্তে সগৌরবে দাঁড়িয়ে আছে ইতিহাস, ঈমান ও ভালোবাসায় মোড়ানো এক অনন্য পাহাড়—জাবালে উহুদ। মসজিদে নববী থেকে প্রায় চার কিলোমিটার দূরে অবস্থিত এই ঐতিহাসিক পাহাড় শুধু প্রাকৃতিক বৈশিষ্ট্যের অংশ নয়, বরং ইসলামের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ, বেদনাবিধুর ও শিক্ষণীয় এক অধ্যায়ের নীরব সাক্ষী।
যে পাহাড়কে ভালোবাসতেন নবীজি ﷺ
উহুদের বিশেষ মর্যাদা শুধু এর ইতিহাসের কারণে নয়, বিশ্বনবী হজরত মুহাম্মদ ﷺ-এর সঙ্গে এর রয়েছে এক অনন্য সম্পর্কও। হজরত আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ উহুদ সম্পর্কে বলেছেন—
هَذَا جَبَلٌ يُحِبُّنَا وَنُحِبُّهُ
অর্থ: "এটি এমন একটি পাহাড়, যে আমাদের ভালোবাসে এবং আমরাও তাকে ভালোবাসি।" —সহিহ বুখারি, হাদিস: ৪০৮৩
নবীজি ﷺ-এর এই ভালোবাসার বাণী উহুদকে মুসলিম উম্মাহর হৃদয়ে দিয়েছে বিশেষ মর্যাদা। পৃথিবীর অসংখ্য পাহাড়ের মধ্যে তাই উহুদ শুধু একটি পাহাড় নয়, এটি নবীজি ﷺ-এর ভালোবাসার এক স্মৃতিবাহী নিদর্শন।
যে প্রান্তরে লেখা হয়েছিল রক্তাক্ত ইতিহাস
হিজরি তৃতীয় সনে এই প্রান্তরেই সংঘটিত হয় ঐতিহাসিক গাজওয়ায়ে উহুদ। বদর যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে কুরাইশরা মদিনার দিকে অগ্রসর হলে মুসলিম বাহিনী উহুদের প্রান্তরে অবস্থান নেয়।
যুদ্ধের শুরুতে মুসলিমরা সাফল্য অর্জন করে। মুসলিম বাহিনীর পেছনের দিক সুরক্ষিত রাখতে রাসুলুল্লাহ ﷺ আগেই ৫০ জন তীরন্দাজকে জাবালে রুমাতে মোতায়েন করেছিলেন, স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন—যুদ্ধের পরিস্থিতি অনুকূলে হোক কিংবা প্রতিকূলে, তাঁর নির্দেশ না পাওয়া পর্যন্ত যেন তাঁরা নিজেদের অবস্থান ত্যাগ না করেন।
কিন্তু প্রাথমিক বিজয় অর্জিত হতেই যুদ্ধ শেষ হয়ে গেছে ভেবে একাংশ তীরন্দাজ অবস্থান ছেড়ে চলে যান, আর সেই ফাঁক গলেই শত্রুপক্ষ পেছন দিক থেকে আক্রমণ চালিয়ে যুদ্ধের গতিপথ বদলে দেয়। ইতিহাসে এই ঘটনা তাই শুধু একটি কৌশলগত ভুল নয়, বরং আনুগত্যের এক চিরন্তন পরীক্ষা হয়ে আছে।
সাহাবায়ে কেরামের ত্যাগ ও শাহাদাত
এই যুদ্ধে রাসুলুল্লাহ ﷺ আহত হন, তাঁর দাঁত মোবারক আঘাতপ্রাপ্ত হয়ে ভেঙে যায়। তাঁকে রক্ষা করতে গিয়ে সাহাবায়ে কেরাম নিজেদের জীবন বিপন্ন করে বীরত্ব ও আত্মত্যাগের নজির স্থাপন করেন। রাসুলুল্লাহ ﷺ-এর প্রিয় চাচা ও ইসলামের অন্যতম শ্রেষ্ঠ বীর হজরত হামজা ইবনে আবদুল মুত্তালিব (রা.)-সহ প্রায় ৭০ জন সাহাবি এই যুদ্ধে শাহাদাতবরণ করেন। তাঁদের রক্তে রঞ্জিত এই ভূমি মুসলিম ইতিহাসের এক অনন্য স্মৃতিক্ষেত্র হয়ে আছে।
তীরন্দাজদের সেই পাহাড়—জাবালে রুমাত—তাই আজও মনে করিয়ে দেয়, রাসুলুল্লাহ ﷺ-এর নির্দেশের প্রতি পূর্ণ আনুগত্য কোনো পরিস্থিতিতেই শিথিল করা যায় না। সাফল্যের মোহ, দুনিয়াবি লাভের আকাঙ্ক্ষা কিংবা নিজের মতামতকে অগ্রাধিকার দেওয়া—এসবই মানুষকে দায়িত্ব থেকে বিচ্যুত করতে পারে, আর উহুদ মনে করিয়ে দেয়, মুমিনের আসল শক্তি নিহিত আনুগত্য ও দায়িত্ববোধের মধ্যেই।
ইতিহাসের চেয়ে বড় এক শিক্ষা
উহুদের পাদদেশে আজও আছে ঐতিহাসিক শহীদদের কবরস্থান, যেখানে শায়িত আছেন হজরত হামজা (রা.)-সহ ইসলামের জন্য জীবন উৎসর্গকারী বহু সাহাবি। মদিনায় আগত মুসলিমদের কাছে এই স্থান আজও গভীর আবেগ ও শ্রদ্ধার জায়গা। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে মদিনার নগরচিত্র বদলে গেলেও জাবালে উহুদ দাঁড়িয়ে আছে তার আপন মহিমায়—নবীজি ﷺ-এর ভালোবাসার স্মারক, সাহাবায়ে কেরামের আত্মত্যাগের সাক্ষী, আর মুসলিম উম্মাহর জন্য আনুগত্য ও ঈমানের এক চিরন্তন পাঠশালা হয়ে। উহুদের বুকে আজও যেন বেজে ওঠে সেই অমর বাণীর প্রতিধ্বনি—হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এটি এমন একটি পাহাড়, যে আমাদের ভালোবাসে, আর আমরাও তাকে ভালোবাসি।